
মিচেল মার্শের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে পারেন স্টিভেন স্মিথ। অধিনায়কের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রায় দু’ বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
সপ্তাহের শুরুতে কুঁচকিতে চোট পান মার্শ। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতেই ৬৭ রানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। টসের মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়, মার্শ খেলতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তার স্ক্যানে ইন্টারনাল টেস্টিকুলার রক্তক্ষরণ ধরা পড়েছে।সিএ জানিয়েছে, মার্শ নড়াচড়া করলেই অস্বস্তি বোধ করছে। নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনে তার ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর,মার্শের কাভার হিসেবেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন স্মিথ। কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।চোটের কারণে ইতিমধ্যেই স্কোয়াডে অস্থিরতা তৈরি হয়েছে।প্যাট কামিন্স আসরের আগেই ছিটকে গেছেন।জশ হেইজেলউডের বিকল্প এখনও আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। বিগ ব্যাশে চোট পাওয়া টিম ডেভিড পুরোপুরি ফিট নন, যদিও জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা আছে তার।
রিজার্ভ হিসেবে শন অ্যাবট থাকলেও তিনি মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত নন।এমন পরিস্থিতিতে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল স্মিথের। শেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
