
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস। আগামী ২৮ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বোর্ডের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হবেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির স্থলাভিষিক্ত হবেন।
৪৫ বছর বয়সী মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন। তবে তিনি ভারতের হয়ে কখনও খেলার সুযোগ পান নি। মিঠুন মানহাসের জন্ম ১৯৭৯ সালের ১২ অক্টোবর জম্মুতে জন্মগ্রহণ করেছেন। তিনি বহু বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ থেকে ১৭ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের হয়েও খেলেছেন। মিঠুন মানহাস ১৫৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ, ১৩০ টি লিস্ট এ ম্যাচ এবং ৯১ টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচে মানহাস ৪৫ দশমিক ৮২ গড়ে ৯৭১৪ রান করেছেন। যার মধ্যে ২৭টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফসেঞ্চুরি রয়েছে। লিস্ট এ ক্রিকেটে মিঠুন মানহাস ৪৫ দশমিক ৮৪ গড়ে ৪১২৬ রান করেছেন। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং ২৬ টি হাফসেঞ্চুরি করেছেন।
ডানহাতি ব্যাটার মানহাস টি-২০ ক্রিকেটে ২১ দশমিক ৬৬ গড়ে ১১৭০ রান করেছেন। এছাড়া তিনি তাঁর কেরিয়ারে ৭০ উইকেটও নিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস, পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ৫৫ টি আইপিএল ম্যাচে ২২ দশমিক ৩৪ গড়ে ৫১৪ রান করেছেন।
