
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ চিঠির জবাব দিয়েছেন ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে গত বৃহস্পতিবার তাঁর কাছে কৈফিয়ত চেয়ে পাঠানো চিঠির উত্তর তিনি রবিবারই পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
যদিও ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছুই খোলসা করেননি প্রাক্তন পুলিশকর্তা। দলীয় সূত্রে খবর, হুমায়ুনের পাঠানো চিঠিতে কোথাও তিনি নিজের ভুল স্বীকার করেননি বা দুঃখপ্রকাশও করেননি। ফলে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে ১০ বছরের নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। দলকে না জানিয়ে আগবাড়িয়ে দেখা করতে যাওয়ায় তাঁকে শো কজ করে তৃণমূল কংগ্রেস। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হয় দলের তরফে।







