
১০০ দিনের কাজের মেয়াদবৃদ্ধি এবং প্রকল্পের নামবদল সংক্রান্ত বিল পেশ করা হয়েছে লোকসভায়। মঙ্গলবার বিলটি পেশ করেছেন কেন্দ্রের কৃষি এবং গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এরপরই কেন্দ্রের নয়া মনরেগা-র নাম পরিবর্তনের বিল নিয়ে উত্তাল লোকসভা। মনরেগা প্রকল্প বদলে গ্রামীণ রোজগারের লক্ষ্যে নতুন প্রকল্প আনতে নয়া বিল এনেছে এনডিএ সরকার। তার বিরুদ্ধেই তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। মনরেগা প্রকল্প সরিয়ে অন্য প্রকল্প আনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার লোকসভায় নয়া বিল পেশের জন্য অনুমতি চান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নতুন এই বিলের নাম বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিল। এটি জি রাম জি বিল নামেও পরিচিত। মহাত্মা গান্ধীর নামে তৈরি মনরেগা প্রকল্প সরিয়ে নতুন প্রকল্প আনতেই এই বিল। গোটা বিষয়টির বিরোধিতা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, মনরেগা গত ২০ বছর ধরে গ্রামীণ ভারতে রোজগার তৈরি করেছে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে। এটা এমনই একটি আইন ছিল, যে যখন এটি আনা হয়েছিল তখন সংসদে সব রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছিল। দেশের সবচেয়ে দরিদ্র নাগরিককেও বছরে ১০০ দিনের রোজগার দিতে পারে এই প্রকল্প। নামবদল নিয়ে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি, গান্ধীজি সকলের হৃদয়ে আছেন।
দেশে রাম রাজত্ব স্থাপনা হোক, বারবার বলতেন গান্ধীজি। দেশের মঙ্গলের জন্য প্রয়োজনীয় সব বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে, লোকসভায় মন্তব্য করেছেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।





