
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন মোয়ানা এবার নতুন রূপে হাজির হচ্ছে দর্শকদের সামনে। প্রায় এক দশক আগে মুক্তি পাওয়া এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করেছিল। ২০১৬ সালে মুক্তির পর বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি।
এরপর ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া মোয়ানা টু সেই সাফল্যকে ছাড়িয়ে এক বিলিয়নেরও বেশি ডলার আয় করে নতুন রেকর্ড গড়ে।এবার সেই জনপ্রিয় গল্পই ফিরছে লাইভ-অ্যাকশন সংস্করণে। বাস্তব অভিনেতাদের অভিনয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন টমাস কাইল। ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। লাইভ-অ্যাকশন সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো মাউই চরিত্রে ডোয়াইন জনসনের প্রত্যাবর্তন। ২০১৬ সালের অ্যানিমেটেড ছবিতে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। এক সাক্ষাৎকারে চরিত্রটি নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ডোয়াইন জনসন। তিনি বলেছেন, লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা তাঁর ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়। তার ভাষ্য, গত এক দশকে একজন বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা এই চরিত্রটিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। পাশাপাশি মাউই চরিত্রের মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। হাওয়াইয়ে কাটানো শৈশব ও বেড়ে ওঠার স্মৃতিও এই চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র মোয়ানা হিসেবে নির্বাচিত হয়েছেন নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। বিশ্বের ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে তাকে বেছে নেওয়া হয়। পরিচালক টমাস কাইল জানিয়েছেন, প্রথম অডিশনেই ক্যাথরিন তাকে মুগ্ধ করেছিলেন।
বিশেষ করে হাউ ফার আই’ল গো গানটি পরিবেশনের সময় তিনি যেভাবে মোয়ানার স্বপ্ন, সাহস এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, তাতেই তাকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়েছিল। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়ার কাছে মোয়ানা শুধুই একটি চরিত্র নয়, বরং শৈশবের অনুপ্রেরণা। তার বিশ্বাস, মোয়ানার সাহস, কৌতূহল ও আত্মবিশ্বাস তাকে ব্যক্তিগত জীবনেও প্রভাবিত করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে সহজেই একাত্ম করতে পেরেছেন তিনি।
