
বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার সংস্কার ও সিন্ডিকেট প্রথা বিলোপসহ বিভিন্ন দাবিতে ৭ ডিসেম্বর থেকে দোকান বন্ধ রাখার এই কর্মসূচি চলছে।
একইসঙ্গে দাবি আদায়ে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় ঘেরাও করেন তারা।বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ ওপেন করা। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।








