
দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজারের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত ৪ হাজার ৮৬৬।
এমতাবস্থায় পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ঝালিয়ে নিতে বুধবার থেকে শুরু হয়েছে মক ড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফে বার্তা এসেছিল মঙ্গলবারই। প্রস্তুত থাকতে হবে। ২ এবং ৩ জুন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস ডা. সুনীতা শর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকেন। সে বৈঠকে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা দফতর, এমার্জেন্সি ম্যানেজমেন্ট রেসপন্স সেল, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদস্যরা। উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাও।
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ৮২৪ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন, সিংহভাগ রোগীর শরীরে কোভিডের নয়া প্রজাতি তেমন কোনও ক্ষতি করতে পারছে না। অধিকাংশ আক্রান্ত বাড়িতেই চিকিৎসা করে সুস্থ হয়ে উঠছেন।








