
নয়া ভারতের জীবন তিন সূত্রে গাঁথা। প্রধানমন্ত্রীর কথায়, এক,সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। দুই,ভারত কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল বা,পরমাণু হুমকি সহ্য করবে না। তিন,সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত।মঙ্গলবার সকালে পঞ্জাবের আদমপুর বায়ুসেনাঘাঁটিতে হঠাৎই হাজির হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সেখানেই বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকেই তুলে ধরেছেন। বায়ুসেনা, নৌসেনা এবং স্থলবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা ভারতের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। জঙ্গিরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু ভারতের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের সামনে থেকে হামলা করেছে, জঙ্গিদের ন’টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি জঙ্গিকে শেষ করেছে।
শুধু জঙ্গি নয়, পাকিস্তান সেনাকেও মোক্ষম জবাব দেওয়া হয়েছে বলে আদমপুরের সেনাঘাঁটি থেকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,ভারতীয় সেনাবাহিনী,পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছে, জঙ্গিরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে ভারতীয় সেনারা মারবে।তাঁর হুঁশিয়ারি, যতবার পাকিস্তানে আশ্রয় নিতে যাবে জঙ্গিরা, ততবার পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করে আসবে ভারত,বাঁচার একটাও সুযোগ দেওয়া হবে না।
