ব্রিটেনে পৌঁছলেন মোদী, উষ্ণ অভ্যর্থনা 

0
154
ছবি সৌজন্যে : এক্স
২ দিনের সফরে ব্রিটেনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার লন্ডনে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এনিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ভারত-ব্রিটেন সম্পর্কের নতুন অধ্য়ায় শুরু হল।
লন্ডনে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে। কৌশলগত দিক দিয়ে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। রাজার দেশে পৌঁছে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীও। তিনিও এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, লন্ডনে পৌঁছেছেন। এই সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দু’দেশের জনগণের সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। বিশ্বব্যাপী অগ্রগতির জন্য ভারত-ব্রিটেনের মজবুত বন্ধুত্ব অপরিহার্য।
লন্ডনে পৌঁছে তিনি দেখা করেন ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের সঙ্গে। তাঁকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নরেন্দ্র মোদি বৈঠক করবেন স্টারমারের সঙ্গে। দুই প্রধানমন্ত্রীর আলোচনার পরই হবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি। এরপর রাত ৯টা নাগাদ নরেন্দ্র মোদী দেখা করবেন চার্লসের সঙ্গে।