
ইউরোপ সফরের অংশ হিসেবে স্লোভাকিয়ায় গিয়ে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস’-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিদেশি রাষ্ট্রের তরফে প্রাপ্ত মোদীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।
সোমবার ব্রাতিস্লাভায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই সম্মান তুলে দেন। বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত স্লোভাকিয়ার সর্বোচ্চ অসামরিক ও সামরিক রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এই পুরস্কার।
সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, ভারতের ১৪০ কোটি মানুষের সম্মান। ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতীক হিসেবেই এই পুরস্কারকে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক আগামী প্রজন্মের হাত ধরে আরও মজবুত হবে বলেও আশাবাদী তিনি।
