
প্যারিসে প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন সেরা সাফল্য সুনিশ্চিত করেছে ভারত।
রেকর্ড পদক জয়ের পর এবার প্যারালিম্পিয়ানদের সঙ্গে দেখা করে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন প্যারালিম্পিয়ানরা। সেখানে পদকজয়ীদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী প্যারালিম্পিয়ানদের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়ার প্রধান দেবেন্দ্র ঝাঝরিয়া। পদকে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়েছেন জুডোকা কপিল পারমার। ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১ বিভাগে টোকিওর পর প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী অবনী লেখারা প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন একটি জার্সি। পদকজয়ীদের সঙ্গে হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী হরবিন্দর সিং বলেছেন, তিনি প্যারালিম্পিক্সে ব্যবহার করা একটি তির উপহার দিয়েছি প্রধানমন্ত্রীকে। তিনি তাদেরকে অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেছেন। ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১-এ ব্রোঞ্জজয়ী মোনা আগরওয়াল জানিয়েছেন, অনেক বিষয় নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ব্যক্তিগতভাবেও তিনি কথা বলেছেন।








