
চারদিনের ছট উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। আর উৎসবের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, বিশ্বের কোণায় কোণায় এখন ছট উৎসব পালন হয়। প্রত্যেককে আশীর্বাদ করার জন্য ছঠি মাইয়ার কাছে প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে এক্স হ্যান্ডলে সঙ্গীতশিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন তিনি। এদিন এক্স হ্যান্ডলে ছট উৎসব নিয়ে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি লিখেছেন, নাহয়ে-খায় পবিত্র আচারের মাধ্যমে চারদিনের ছট উৎসব শনিবার শুরু হয়েছে। বিহার-সহ সমগ্র দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা।
যাঁরা উপবাস পালন করছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছট উৎসবের মাহাত্ম্য তুলে ধরে আর একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, সংস্কৃতির এই মহৎ উৎসব সরলতা এবং সংযমের প্রতীক। যার পবিত্রতা এবং নিয়মনিষ্ঠা অতুলনীয়। এই পবিত্র উৎসবে ছট ঘাটে যে দৃশ্যগুলি দেখা যায়, তা পারিবারিক এবং সামাজিক সম্প্রীতিকে অনুপ্রাণিত করে।





