
প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী।২০১৪ ও ২০১৯-এ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০২৪-এ মেলেনি।
ফলে সরকার গড়তে বিজেপির এখন শরিক দলগুলিই ভরসা। সব ঠিকঠাক থাকলে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করবে এনডিএ।তার আগে ৭ জুন, শুক্রবার এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন স্বয়ং নরেন্দ্র মোদী। সরকার পরিচালনায় এনডিএ জোট সুসংহত রাখাই এখন লক্ষ্য।বিজেপি সূত্রে খবর, পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে হবে এই বৈঠক। এনডিএ-র সব মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে । থাকবেন এনডিএ-র শরিক সংসদীয় দলের নেতারাও। এই বৈঠকের জন্য প্রত্যেক শরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব রাজনাথ সিং।দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পদে বুধবারই ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী।তবে এনডিএ-র তৃতীয় দফার সরকারেও নরেন্দ্র মোদীই যে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন, তা একপ্রকার নিশ্চিত।
