
খসড়া ভোটার তালিকার পর এবার এসআইআর-র শুনানি প্রক্রিয়া শুরু হবে। তারমধ্যেই নদিয়ার মতুয়াগড় তাহেরপুরে শনিবার জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বনগাঁ, কৃষ্ণনগর ও রানাঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ২০২৬-র বিধানসভা ভোটের আগে সিএএ-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে শনিবার তাহেরপুরের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ সভা। পরিবর্তন সংকল্প সভা শুরু হবে সকাল ১০ টায়। সূচি অনুযায়ী সকাল ১০টায় কলকাতায় নেমে হেলিকপ্টরে তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাজি পার্কের মাঠে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি সরকারি মঞ্চ, সেখান থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।
সরকারি অনুষ্ঠানের পর দলীয় মঞ্চ থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। শুক্রবার শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।






