
ভারত সফল হওয়া মানেই এশিয়া সফল। কুয়ালালামপুরে ভারতীয় ডায়াসপোরার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, ব্রিটেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের মত একাধিক দেশ ভারতকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখছে। তাঁর কথায় সাম্প্রতিক বিভিন্ন বাণিজ্যচুক্তিই সেই আস্থার প্রমাণ দেয়। তিনি আরও বলেছেন বিশ্বাসযোগ্যতাই ভারতের সবচেয়ে শক্তিশালী মুদ্রা।
মালয়েশিয়ায় প্রায় ৫০০ স্কুলে ভারতীয় ভাষায় শিক্ষা দেওয়া হয়, সেকথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সাফল্য আসলে মালয়েশিয়ার সাফল্য, সব মিলিয়ে তা এশিয়ার সাফল্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। দুই রাষ্ট্রপ্রধানের সম্মানে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ভারতনাট্যম, কথক, কুচিপুড়ি ও ওডিসির মত বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়।









