
দেশে পুঁজিপতিদের সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
হরিয়ানায় নুহতে এক সভায় কংগ্রেস নেতা বলেছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই বিজেপি ঘৃণার বাজার খুলেছে, কংগ্রেস সেখানে ভালবাসার দোকান খুলে দিয়েছে। কংগ্রেস যখন ভালবাসা ও ঐক্যের কথা বলে, বিজেপি তখন বিদ্বেষ ছড়ায় এবং দেশ ভাঙার চেষ্টা করে। বিজেপি ও আরএসএস সংবিধানকে ধ্বংস করছে। কংগ্রেস আদর্শের যুদ্ধে লড়ছে। একদিকে সংবিধান ধ্বংসের আদর্শ, অন্যদিকে রয়েছে সংবিধানের আদর্শ। রাহুল গান্ধী আরও বলেছেন, তিনি আমেরিকা সফরে হরিয়ানার কিছু যুবকের সঙ্গে দেখা করেছিলেন। বলেছিল যে তারা আমেরিকায় এসেছেন কারণ আমরা হরিয়ানায় চাকরি পাননি। হরিয়ানায় বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি রয়েছে। বিজেপি সরকার হরিয়ানাকে ধ্বংস করেছে। কীভাবে হরিয়ানাকে বেকারত্বের তালিকায় শীর্ষে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ব্যাখ্যা করতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুঁজিপতিদের সরকার চালান। তিনি ২০-২৫ জনের ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করেছেন। কিন্তু হরিয়ানার কৃষক, শ্রমিক এবং দরিদ্রদের কত ঋণ মকুব করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হরিয়ানা চায় না। তাঁরা অগ্রগতির হরিয়ানা চান।
