উত্তপ্ত সংসদে মোদী-খাড়গের করমর্দন

0
127
ছবি সৌজন্যে : এক্স
সরকার ও বিরোধীপক্ষের সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গের বিরল সৌজন্যের সাক্ষী থাকল সংসদ ভবন। সৌজন্যে বিআর আম্বেডকরের প্রয়াণদিবস। 
আদানি ঘুষকাণ্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম থেকেই সরব বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে ধারাবাহিক বিক্ষোভও চলছে অধিবেশনের ভিতরে-বাইরে। এরমধ্যেই শুক্রবার সকালে সংসদের অধিবেশন শুরুর আগে মহাপরিনির্বাণ দিবসে বি আর আম্বেডকরের প্রতিকৃতিতে মাল্যদানের ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখোমুখি হয়েছিলেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও হাজির ছিলেন।মল্লিকার্জুন খাড়গেকে দেখে প্রথমে হেসে মাথা নাড়েন প্রধানমন্ত্রী। করমর্দন করে জানতে চান, তিনি কেমন আছেন। পাল্টা হাসিতে সৌজন্য ফিরিয়ে দেন কংগ্রেস সভাপতি। গত দু’বছরে একাধিক সভায় প্রধানমন্ত্রীকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস সভাপতি। মল্লিকার্জুন খাড়গেকেও গান্ধী-নেহরু পরিবারের বশংবদ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিন্তু এদিন সকালে দু’জনের সৌজন্য বিনিময় নিয়ে সরকার ও বিরোধীপক্ষের একাংশ বলছে, ভারতের রাজনীতিতে যতটা সৌজন্য, তার চেয়ে রাজনীতি বেশি। আর তাই উৎসাহিত হওয়ার তেমন কারণ নেই।