
লোকসভা নির্বাচনে ফল প্রকাশের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০১৯-এর লোকসভা নির্বাচনে ফল প্রকাশের ঠিক আগে উত্তরাখণ্ডের কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
১১ হাজার ফুট উচ্চতায় একটি গুহায় ধ্যান করেছিলেন তিনি। এবার ২০২৪-র লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ ১ জুন ভোট সম্পন্ন হলেই তিনি পৌঁছে যাবেন তামিলনাড়ুতে। সেখানে বিশ্রাম নেওয়ার পর কন্যাকুমারী যাওয়ার কথা আছে তাঁর।ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই গোটা দেশ জুড়ে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। ৩০ মে প্রচার শেষ। ওই দিন পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা আছে তাঁর। সপ্তম তথা শেষ দফার ভোট হবে ১ জুন। আর তারপরই কন্যাকুমারী চলে যাবেন তিনি। পুলিশ সূত্রের খবর, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী। তবে ৩১ মে এবং ১ জুন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।কথিত আছে ১৮৯২ সালের ২৪ ডিসেম্বর কন্যাকুমারীতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সমুদ্রতট থেকে প্রায় ৫০০ মিটার দূরে জলের মাঝে একটি বিশাল পাথর দেখতে পেয়ে সাঁতার কেটে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে ধ্যানে মগ্ন হন। পরে ওই পাথরে বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ৬ একর জুড়ে বিস্তৃত এটি। রয়েছে ব্রোঞ্জের তৈরি প্রায় সাড়ে আট ফুট উচ্চতার বিবেকানন্দের একটি মূর্তি।
