
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে প্রধানমন্ত্রীর সম্বোধন নিয়ে তৃণমূল সুর চড়ালেও কার্যত প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন সাহিত্য সম্রাটের নাতি সজল চট্টোপাধ্যায়। সোমবার সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সজল চট্টোপাধ্যায় বলেছেন স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগে মাতৃভূমির প্রতি ভক্তি ও আত্মত্যাগের প্রতীক হিসেবে বন্দে মাতরম-র যে মর্যাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে তুলে ধরেছেন সেই উদ্যোগের প্রতি তিনি এবং তাঁর পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান দেখিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এমনটা অন্য সরকারের থেকে আগে পান নি। তিনি আরও বলেছেন দিল্লি থেকে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ বাংলায় এলে পরিবারের খোঁজ নেন। কিন্তু রাজ্য সরকার তাঁদের পরিবারের প্রতি উদাসীন। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ও ঐতিহ্যকে অবহেলা করে এসেছেন।
সরকারি অনুষ্ঠানে তাঁর পরিবারকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না। ফলে বঙ্কিমবাবুকে যেমন গুরুত্বহীন করে দেওয়া হয়েছে, তেমনই তাঁর পরিবার ও তাঁর গর্বিত ঐতিহ্যও রাজনৈতিক উপেক্ষার শিকার হয়েছে।
