
ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া কেবল দুই প্রতিবেশী দেশ নয়, বরং হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধে আবদ্ধ দুই অংশীদার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের শিকড় রামায়ণ ও মহাভারতের অভিন্ন ঐতিহ্যের মধ্যে নিহিত। নালন্দার জ্ঞানচর্চা থেকে শুরু করে বোরোবুদুর ও প্রাম্বানানের মতো ঐতিহাসিক স্থাপত্য—সবই ভারতের গভীর সাংস্কৃতিক সংযোগের সাক্ষ্য বহন করে। নরেন্দ্র মোদী বলেছেন, দুই দেশের রাজধানীর মধ্যে দূরত্ব থাকলেও সমুদ্র কখনও বিভাজনের প্রতীক নয়, বরং সংযোগের সেতু। ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভবিষ্যতের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তাঁর কথায়, বহু শতাব্দী ধরে দুই দেশের বন্দর ও নৌ-বাণিজ্য বিশ্বের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে।








