
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি ও ভবিষ্যৎ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন নরেন্দ্র মোদী।
আলোচনার সময়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাড়তি জোর দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহজগুলির বাধাহীন যাতায়াত সংক্রান্ত বিষয়ে। ভারতের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে জানান, ইরান ও আমেরিকার আলোচনার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানাচ্ছে। ভারত মনে করে, সকল সমস্যার সমাধান দু’পক্ষের আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া বাঞ্ছনীয়। ফোনালাপ প্রসঙ্গে নরেন্দ্র মোদী এক্স পোস্টের বার্তায় লিখেছেন, আলোচনা ও নিরন্তর প্রচেষ্টাই শান্তি স্থাপন করবে।
পাশপাশি তিনি জানিয়েছেন, ভারত-ইরান দ্বিপাক্ষিক আলোচনায় হরমুজ দিয়ে ভারতীয় নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশের নৌ চলাচল ও বাণিজ্য করার স্বাধীনতা নিয়েও সওয়াল করেন নরেন্দ্র মোদী।
