
ইউপিএ সরকারের নীতির জন্য ভারত বিশ্বে অনেক পিছনে পড়েছিল। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার রোজগার মেলার অধীনে সরকারি বিভাগগুলিতে মোট ৫১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি।সেখানেই প্রধানমন্ত্রী বলেছেন, পূর্ববর্তী সরকারগুলির নীতি এবং উদ্দেশ্যের অভাবে ভারত আধুনিক প্রযুক্তি-সহ একাধিক সেক্টরে পিছনে পড়ে গিয়েছিল। আগে পুরনো ও সেকেলে প্রযুক্তি দেশে আনা হতো।তৎকালীন সরকারের মানসিকতা ছিল যে আধুনিক প্রযুক্তি দেশের উন্নতি করতে পারবে না। এই মানসিকতা দেশের অনেক ক্ষতি করেছে। আধুনিক বিশ্বে কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পগুলি যদি দেশে না থাকত তাহলে নতুন কর্মসংস্থান তৈরি করা কঠিন হবে।এনডিএ সরকার দেশকে আগের সরকারের পুরনো মানসিকতা থেকে মুক্ত করতে কাজ শুরু করেছে।প্রধানমন্ত্রীর কথায়, দেশের সর্বাধিক সংখ্যক যুবককে চাকরি দেওয়া তাঁর সরকারের প্রতিশ্রুতি। সরকারের নীতি ও সিদ্ধান্ত কর্মসংস্থান সৃষ্টিতেও সরাসরি প্রভাব ফেলে।
বর্তমানে দেশজুড়ে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, রেলপথ, বন্দর, বিমানবন্দর এবং নতুন নতুন শিল্প-কারখানা সম্প্রসারণের কাজ চলছে।
ছবি সৌজন্যে :বিজেপি
