
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সপ্তাহের শেষ দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
সিদ্ধান্তের ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে চলা জল্পনা ও কৌতূহল শেষ হলো। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেবেন।সম্মেলন চলবে ২৬ থেকে ২৮ অক্টোবর। প্রধানমন্ত্রী মোদি এক্সে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। তাকে মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানালাম।আসিয়ান-ভারত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিতে এবং দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর করতে মুখিয়ে আছি।এদিকে,প্রথমদিকে ধারণা করা হয়েছিল, আসিয়ান সম্মেলনের ফাঁকে মোদি ও ট্রাম্প বাণিজ্য ও শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে পারেন। ট্রাম্প মালয়েশিয়ার আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন, যা তার তিন দেশীয় এশিয়া সফরের অংশ। তবে মোদির ভার্চুয়ালি অংশগ্রহণের সিদ্ধান্তে এই সম্ভাবনা শেষ হলো।
উল্লেখ্য,২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি প্রতিবছর সরাসরি আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। একমাত্র ২০২২ সালে তিনি সম্মেলনে অংশ নেননি।ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি অনুযায়ী আসিয়ানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
