ট্রাম্পের কাছে নতি স্বীকার করবেন মোদী : রাহুল

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি উড়িয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  তিনি বলেছেন, পীযূষ গয়াল বুক চাপড়ে যা খুশি দাবি করতে পারেন। কিন্তু তাঁর কথা মনে রাখতে হবে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ছাড়ের সময়সীমার কাছে নতি স্বীকার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য এক দিন আগেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন, কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করবে না ভারত। সেই সঙ্গে তিনি বলেন,নয়াদিল্লি তার নিজের শর্তেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। অন্যদিকে আর তিন দিন পরেই ভারতীয় পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্ক কার্যকর শুরু হওয়ার কথা। তার আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে কূটনীতি এবং বণিক মহলে। যদিও রাহুল গান্ধীর দাবি, ওয়াশিংটনের চাপের মুখে শেষ পর্যন্ত আগামী তিন দিনের মধ্যেই বাণিজ্য চুক্তি করতে হবে নয়াদিল্লিকে।

প্রসঙ্গত, ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ। কিন্তু নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার আগে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই।