
দিল্লি, বেঙ্গালুরুর মত আবারও কলকাতাতেও মেট্রোর সওয়ারি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেকথাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ২২ অগাস্ট কলকাতায় তিনটি মেট্রো পথের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নতুন মেট্রো পথে যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রোয় যাতায়াত করবেন। শমীক ভট্টাচার্য আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন। সেই স্টেশনে দাঁড়িয়েই তিনি মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। এরপর প্রথম ট্রেনটিতে করে নিজেই যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন পর্যন্ত যাবেন। তারপরে জয়হিন্দ স্টেশন থেকে আবার মেট্রোয় করেই যশোর রোড স্টেশনে ফিরবেন। সেখান থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে যাবেন। ওই মাঠেই হবে প্রধানমন্ত্রীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা।
ওই দিনই অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে বিমানবন্দর এবং গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্প্রসারিত পরিষেবার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজ্যে প্রস্তাবিত ৪৩টি রেলপ্রকল্প আটকে থাকার জন্য রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।





