
এপ্রিলের গোড়ায় ব্যাঙ্ককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সাক্ষাতের বিষযটি বিবেচনা করে দেখা হচ্ছে। শনিবার সংসদীয় বৈঠকে এমনই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। শনিবার বিদেশ বিষযক সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল। জানা গিয়েছে , বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কী পদক্ষেপ করছে মোদী সরকার সেই প্রশ্ন তোলেন। পাশাপাশি মোদী-ইউনূস সাক্ষাত্ নিয়ে জানতে চান তাঁরা। জবাবে বিদেশমন্ত্রী জানিয়েছেন, ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কখনওই ইউনূস সরকারের লক্ষ্য সংখ্যালঘুরা নন।






