
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফরেও বাঙালিয়ানার ছোঁয়া। সুইডেনের প্রবাসীরা বাঙালি সাজে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী’কে। পিতলের বরণডালা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয় সুইডেনের হোটেলে। চলে উলু-শঙ্খধ্বনিও।
এই অভ্যর্থনা পেয়ে বাংলায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’ও। সুইডেনের হোটেলে ওই অভ্যর্থনার ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও এর ব্যতিক্রম নয়।
আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল বাঙালি সংস্কৃতির এক অনবদ্য নমুনা প্রদর্শিত হয়েছে। এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে ক্রিস্টারসনের সঙ্গে বৈঠক করেন মোদী। নতুন প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত বিষয়ে গুরুত্বর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মোদী-ক্রিস্টারসনের বৈঠকে। সুইডেন সফরে গিয়ে মায়ার্স্কের চেয়ারম্যান রবার্ট মায়ার্স্ক উগ্গলার সঙ্গে বৈঠক করেন তিনি।







