
পদের প্রতি তাঁর মোহ নেই,তবে দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব নিতে আপত্তি নেই তাঁর। মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনার মধ্যে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।যোগী বলছেন,তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মানুষের সেবা করার জন্য দলই তাঁকে এই দায়িত্ব দিয়েছে। তাছাড়া রাজনীতি তাঁর কাছে ফুল টাইম কাজ নয়। আসলে তো তিনি একজন যোগী।সেই সঙ্গে যোগী আদিত্যনাথর ইঙ্গিতপূর্ণ সংযোজন, যতদিন এখানে আছেন কাজ করে যাবেন। তবে সেটারও একটা সময়সীমা আছে।
উল্লেখ্য,মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রীর অবসর জল্পনা কতটা সত্যি কারও জানা নেই। তবে, যদি সেই জল্পনা সত্যি হয়, তাহলে মোদির উত্তরসূরি কি যোগী আদিত্যনাথ? এই অবস্থায় প্রথমবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী।এদিকে,রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর মঠের প্রধান পদে ছিলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার পরও মঠের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তাঁর। সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। অনেকেই মনে করেন, কুম্ভ মেলার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দেশজুড়ে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাতে তাঁর কেন্দ্রীয় রাজনীতিতে হাত পাকানোর সময় এসে গিয়েছে। এমনকী, একাধিক সমীক্ষক সংস্থা তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য উত্তরসূরি হিসাবেও দেখানো শুরু করেছে।








