
১৩ বছরের অবিশ্বাস্য ক্যারিয়ারের ইতি,১৩ বছর, ৫৯৭ ম্যাচ, ৪৩ গোল, ৯৫ অ্যাসিস্ট ও রেকর্ড ২৮টি চ্যাম্পিয়নশিপ জয়। এই অবিশ্বাস্য যাত্রা শেষে রিয়াল মাদ্রিদে লুকা মডরিচ অধ্যায় শেষ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার এবার বিদায় বললেন লস ব্লাঙ্কোদের। এই কিংবদন্তি শেষবারের মতো মাঠে নামলেন ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে।
শেষ ম্যাচটা অবশ্য স্মরণীয় ছিল না মডরিচের। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ভরাডুবির ম্যাচেই শেষ হয় রিয়াল অধ্যায়। ক্যারিয়ারে এই ম্যাচটা হয়তো ভুলে যেতে চাইবেন মডরিচ। তবে কিংবদন্তি মিডফিল্ডারের রিয়াল ক্যারিয়ার কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বললেন,শেষটা তিক্ত হলেও, মডরিচ চিরস্মরণীয়।তিনি ফুটবল কিংবদন্তি, রিয়াল মাদ্রিদে তার অবদান অমর হয়ে থাকবে।উল্লেখ্য,২০১২ সালে টটেনহাম থেকে রিয়ালে যোগ দেন মডরিচ। এরপরের ১৩ বছরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে। ছ’টি চ্যাম্পিয়নস লিগ, সমান ক্লাব বিশ্বকাপ, চারটি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতে রিয়ালের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ে পরিণত হন তিনি।বিদায়ি ম্যাচের পর তিনি বলেছেন,রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন ছিল, তবে যা কিছু পেয়েছেন তা কল্পনারও বাইরে। এই ক্লাবে খেলা তাঁর জীবন বদলে দিয়েছে। কিন্তু জীবন এবং ফুটবলে সব কিছুর শুরু আছে, শেষও আছে।উল্লেখ্য ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন মডরিচ।
একই বছর মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে পড়েছিলে ব্যালন ডি’অর মুকুট। এর পর কেটে গেছে আরো সাত বছর। এই সাত বছরে অর্জনের ঝুলিতে আরো অনেক পালক যুক্ত হয়েছে। মডরিচ নেতৃত্ব দিয়েছেন রিয়ালের মাঝমাঠের। যদিও বয়সের কারণে গত কয়েক সিজনে রিয়ালের মূল একাদশে সুযোগ কমেছে। চুয়োমেনি, ভালভার্দে ও কামাভিঙ্গাদের মতো তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে।
