
মালদার কালিয়াচকে ৭ বিচারপতিকে আটকে রাখা, অবরোধ বিক্ষোভের ঘটনায় মুলচক্রী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন।
সেই সময় তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েকরা হয়। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কালিয়াচকে অশান্তির ঘটনায় বৃহস্পতিবার রাতেই মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নির্বাচন কমিশন। এরপরই শুরু হয় বিভিন্ন জায়গায় মোফাক্কেরুলের খোঁজ, এমনকি একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেন নি মোফাক্কেরুল। ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে কলকাতা হাই কোর্টেও মামলা করতেন। হাই কোর্টের কাছেই তাঁর চেম্বার। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি আসাদউদ্দিন ওয়েইসির দল এমআইএম (মিম)-এ যোগ দেন। প্রার্থীও হন। গত বিধানসভা নির্বাচনে ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিলেন মোফাক্কেরুল। উল্লেখ্য, কালিয়াচকের অশান্তির ঘটনায় ইতিমিধ্যেই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখে উত্তেজিত জনতা।









