
খসড়া ভোটার তালিকায় সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং তাঁর ছেলে অতীশের মুসলিম পদবি বদলে ব্রাহ্মণ পদবি অবস্থি হয়েছে। এমন গুরুতর ভুলকে টাইপিং এরর বলে দাবি করলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।
মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মহম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজের শেষ নাম বা লাস্ট নেম হিসেবে অবস্থি লেখা হয়েছে। শুধু তাই নয় বাবা মহম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে অবস্থি। বিষয়টি সামনে আসতেই ফেসবুক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অতীশ।
তিনি লিখেছেন নির্বাচন কমিশন তাঁকে এবং তাঁর বাবাকে ব্রাহ্মণ বানিয়েছে। সঙ্গে ভোটার তথ্যের ছবিও পোস্ট করেছেন। এই ঘটনা ইচ্ছাকৃত নয় বলে দাবি করে সিইও দফতর থেকে জানানো হয়েছে ট্রান্সলেটের কারণে সমস্যা হয়েছে।








