
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর সঙ্গে ছিলেন সরকারের উচ্চপদস্থ আধিকারিকেরা।
আয়নাঘরে ঢুকে বিভিন্ন গোপন কক্ষ পরিদর্শন করেছেন মহম্মদ ইউনূস। তাঁর দফতর থেকে এ সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। ইউনূসের সঙ্গে বুধবার ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ সংক্রান্ত উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ ছাড়াও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁঞা। ৫ অগাস্ট আওয়ামী লীগ নেত্রী হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে।
তার পর ৮ অগাস্ট গঠিত হয় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনার সময়কালে বাংলাদেশের বহু সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ তোলে অন্তর্বর্তী সরকার। উঠে আসে আয়নাঘর-এর কথা।
