কেরল হয়ে দেশে প্রবেশ বর্ষার 

0
180
Monsoon enters the country through Kerala
Monsoon enters the country through Kerala

তীব্র গরমের মধ্যে কেরল হয়ে দেশে প্রবেশ করেছে বর্ষা। মৌসম ভবনের যা পূর্বাভাস ছিল, তার একদিন আগেই কেরল উপকূলে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই কেরলে বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এর আগে আইএমডি জানিয়েছিল শুক্রবার অর্থাৎ, ৩১ মে কেরল হয়ে বর্ষা প্রবেশ করবে দেশে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের একদিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে বলে আবহবিদেরা জানিয়েছেন। কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে কেরল। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমের স্বাভাবিক বর্ষা শুরুর কথা ৫ জুন থেকে। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা রাজধানী দিল্লিতে। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।