
তাপপ্রবাহে হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী। এর মধ্যেই মিলল বড় স্বস্তির ইঙ্গিত,আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলো বলছে, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সময়ের আগেই দক্ষিণ ভারতে পা রাখতে পারে।
অর্থাৎ তপ্ত গরমে পুড়তে থাকা মানুষের জন্য প্রাক-মৌসুমী বৃষ্টি আসছে।উল্লেখ্য,গত বছরও কেরলে বর্ষা সময়ের আগেই ঢুকেছিল। তখনও মডেল বলেছিল ২৭-২৯ মে নাগাদ বর্ষা আসবে, কিন্তু বাস্তবে আরও আগেই আগমন ঘটে। আবহাওয়াবিদ দেবেন্দ্র ত্রিপাঠীর মতে, এ বছরও একই ছবিই দেখা যেতে পারে।সাব-সিজনাল চার্ট অনুযায়ী, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাতে পারে ১৮ থেকে ২৫ মে-র মধ্যে।দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমের বাতাস জোরদার হচ্ছে।এই বাতাসই প্রচুর জলীয়বাষ্প টেনে এনে দ্বীপপুঞ্জে স্বাভাবিকের তুলনায় ৩০-৬০ মিমি বেশি বৃষ্টি দিতে পারে ওই সপ্তাহে।মডেল আরও দেখাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরে ২০-৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে একটি ট্রপিক্যাল সিস্টেম তৈরির। এমন সিস্টেম সাধারণত বর্ষার আগমন আরও ত্বরান্বিত করে।
এদিকে,২৫ মে থেকে ১ জুনের মধ্যে বর্ষার স্রোত আরও পশ্চিম ও উত্তরে অগ্রসর হবে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে শক্তিশালী পশ্চিমা বাতাস তৈরি হয়ে কেরল উপকূলের দিকে আর্দ্রতা ঠেলে দেবে। ফলে কেরল ও তামিলনাডুর দক্ষিণ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।









