
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কমায় এবার থমকে থাকা বর্ষা বিদায় রেখা গতি পেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। রাজস্থান থেকে বর্ষা নির্ধারিত সময়ের তিন দিন আগে বিদায় নিলেও, ২৪ সেপ্টেম্বর গুজরাটের ভিরাবল এবং ২৬ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে এই বিদায় রেখা থমকে যায়।
বর্ষা বিদায় রেখা বর্তমানে গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত থমকে আছে। আগামী তিন-চার দিনের মধ্যে গুজরাটের বাকি অংশ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের একটি বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। এই পর্ব শেষ হওয়ার পরই বাংলায় বর্ষা বিদায় নেবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি।
উপকূলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার ও বৃহস্পতিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়ার পাশাপাশি হাওড়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে।





