
অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, কাঠমান্ডু বিমানবন্দরেই আটকে আছেন ৪০০-র বেশি ভারতীয়। তাঁদের ফেরাতে নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হবে।
মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ রয়েছে। অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কী ভাবে ফেরানো যায়, তা নিয়ে নেপাল সেনার কথা কথাবার্তা চলছে। নেপাল থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারতীয় বায়ুসেনা কয়েকটি বিমান পাঠাতে পারে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে। ভারতীয় সেনার বিমানের জন্য বিশেষ বন্দোবস্ত করা হতে পারে কাঠমান্ডুতে। নিরাপদে যাতে সকলে উদ্ধার করে আনা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
অশান্তির আবহে নেপাল নিয়ে ইতিমধ্যে দু’টি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রথমটিতে বলা হয়েছিল, ভারত পড়শি রাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রেখেছে।এর পর রাতে আর একটি বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রক কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করে।
