
ওড়িশার জাজপুরে রাস্তার ধারে দইবড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। হঠাৎ একসঙ্গে এতজনের অসুস্থ হয়ে পড়ায় স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, জাজপুর জেলার একটি গ্রামে রাস্তার ধারের এক বিক্রেতার কাছ থেকে বহু মানুষ দই বড়া কিনে খান। খাওয়ার কিছু সময় পর থেকেই একাধিক ব্যক্তি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁদের মধ্যে বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠায় পরিবারের সদস্যরা আক্রান্তদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫২ জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে জাজপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই রয়েছেন। জেলার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৫ জন শিশু এবং ২৭ জন প্রাপ্তবয়স্ক। আরও কয়েকজনের গ্রামেই চিকিৎসা চলছে।
