
কে যোগ্য, কে অযোগ্য তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা না আসা পর্যন্ত কাজে যোগ দিতে চাইছেন না বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। কিছু স্কুলে তাঁরা কাজে যোগ দিয়েছেন।
তবে হাজিরা খাতায় সই করেননি তাঁদের একাংশ। সব মিলিয়ে সুপ্রিম রায়ের পরও জেলায় জেলায় সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে মিশ্র ছবি দেখা দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে আপাতত অযোগ্য নন, এমন শিক্ষকদের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে চলতি বছরের ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে। কিন্তু যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত চাকরিহারারা স্কুলে যাবেন না বলে ঘোষণা করেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ।
দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়ি সহ প্রায় প্রতিটি জেলাতেই স্কুলগুলিতে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা ছিল বেশ কম।






