
ভোরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন অনেকে। তার মধ্যে হায়দরাবাদের সর্বগ্রাসী আগুন কেড়ে নিয়েছে ১৭ টি তরতাজা প্রাণ। মুহূর্তের মধ্যেই শান্ত শহর আর্তনাদ, চিৎকার, কান্না, দমকলের ইঞ্জিনের শব্দে জেগে উঠেছে। সেই আগুনের বিভীষিকা থেকে সন্তানকে বুকে জড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলাকে।
যাঁদের চোখের সামনে আগুনের গ্রাসে ঝলসে যেতে দেখেও কিছু না করতে পারার খেদ রয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। এক প্রত্যক্ষদর্শী মা-সন্তানের সেই গা শিউরে ওঠা ঘটনার সাক্ষী রইলেন। তার কথায়, আগুন লাগার কিছু পরেই ভিতরে ঢুকেছিলেন। ভিতরে প্রচণ্ড ধোঁয়া আর আগুন। একটা ঘরের মধ্যে দেখেন একজন মহিলা তাঁর বাচ্চাদের জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আর তাঁর সন্তানরা? মায়ের সঙ্গে তারাও পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্থানীয়রাই নিজেদের জীবন বাজি রেখে ১৩ জনকে উদ্ধার করেছিলেন।
কিন্তু ততক্ষণে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে সকলকেই। তেলেঙ্গানা দমকল বিভাগের বিবৃতি অনুসারে ১৭ জন নিহতের I পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু। সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র একবছর। ৪ জন প্রবীণ এবং ৫ জন মহিলা ছিলেন। আরও জানা গেছে, ওই পরিবারের মাত্র একজন সদস্য বাড়ি না থাকায় বেঁচে গিয়েছেন তিনি।
