
নোড়া দিয়ে দুই ছেলের মাথা থেঁতলে দিয়েছে মা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের আনন্দপল্লির মধ্যপাড়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর চারের জোজোর।
গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বছর আটের তোজো। স্থানীয়রা জানিয়েছেন শিশুদের মা রিঙ্কি মজুমদার মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার সকালে দুই ভাই যখন খেলছিল তখন হঠাত্ করেই মশলা বাটার নোড়া দিয়ে দুই ছেলের মাথা থেঁতলে দেয় রিঙ্কি। স্ত্রীর এমন কাণ্ডের খবর পেয়ে বাড়িতে পৌঁছন শিশুদের বাবা সূর্য মজুমদার।
রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি দুই ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ছোট ছেলে জোজোকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বড় ছেলে তোজো। পরে পুলিশ গিয়ে রিঙ্কি মজুমদারকে আটক করে।
