গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিতে মাঝরাতে মা ও ছেলেকে কুপিয়ে খুন

    দিল্লিতে মাঝরাতে মা ও ছেলেকে কুপিয়ে খুন

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরীতে নিজের বাড়ির ভিতরেই খুন হয়েছেন এক গৃহবধূ ও তাঁর কিশোর ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এই জোড়া খুন। মৃতদের নাম শারদা সাহু ও তাঁর ১৩ বছরের ছেলে। সপ্তম শ্রেণিতে পড়ত ওই কিশোর।

    জানা যাচ্ছে,বুধবার গভীর রাতে গোবিন্দপুরী থানায় ফোন আসে গলি নম্বর ১০ এলাকা থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক দল। বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মা ও ছেলের দেহ। দু’জনের শরীরেই একাধিক ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শারদার স্বামী বিষ্ণু সাহু পেশায় সবজি বিক্রেতা। তিনি বিভিন্ন সাপ্তাহিক বাজারে দোকান দেন। বুধবার গভীর রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। তখনই সন্দেহ হয়। কারণ, বাড়ির সামনের দরজা বাইরে থেকে আটকানো ছিল।

    ভিতরে ঢুকতেই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী ও ছেলে। ঘরের আলমারি খোলা ছিল সেসময়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু নগদ টাকা ও গয়না উধাও। সেই কারণেই পুলিশ মনে করছে, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাধা পেয়ে মা ও ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার পরে এলাকা ঘিরে ফেলে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন।বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা জানতে একাধিক দল গঠন করা হয়েছে।