
ঠোঁট কাটা স্বভাবের জন্য অনেক আগে থেকেই নন্দিত-নিন্দিত জোসে মরিনিয়ো। তিনি আবারও আলোচনায় একই কারণে।এবার কারণটা অবশ্য ছিল বেশ গুরুতর। ইস্তানবুল ডার্বিতে তার দল ফেনারবাচের চিরপ্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারায়কে নিয়ে করেছেন বেফাঁস এক মন্তব্য। যার কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। মরিনিয়োকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন।
পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।তুরস্কের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১৬ লাখ ১৭ হাজার লিরা অর্থাৎ প্রায় ৪৪ হাজার ডলার জরিমানা গুণতে হবে মরিনিয়োকে।সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছে, তুর্কি রেফারির প্রতি অপমানজনক ও আক্রমণাত্মক মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে।মরিনিয়োর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করে ফেডারেশন। এরআগে তুরস্কের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই শেষ হয় ০-০ ড্রয়ে। দুই ক্লাবের অনুরোধে এই ম্যাচে বিদেশি রেফারি আনা হয়। ম্যাচটি পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।ম্যাচের পর মরিনিয়ো বলেন, রেফারিদের ঘরে গিয়ে তিনি তাদের সঙ্গে দেখা করে এসেছেন।ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি চ্যালেঞ্জ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছিল।গালাতাসারাইয়ের ডাগ আউটের ফুটবলাররা বেশ উত্তেজিত দেখা গিয়েছিল তখন।
সেই ঘটনায় আকচিচেককে হলুদ কার্ড না দেখানোয় রেফারি ভিনচিচের প্রশংসা করেন মরিনিয়ো।মরিনিয়োর এসব মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানায় গালাতাসারাই। ৬২ বছর বয়সী পর্তুগিজ কোচের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরুর ঘোষণা করে ক্লাবটি। ফেনারবাচে অবশ্য কোচের পাশেই দাঁড়ায়। তারা বিবৃতিতে বলেছিল, মরিনিয়োর মন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে।








