
হাসপাতালের বাইরে থরে থরে শোয়ানো একাধিক মৃতদেহ। তার পাশে বসে প্রলাপ বকছেন অনেকে।
সেই লাশের ভিড়ে এক মহিলার ভিডিয়ো হোয়াটস্অ্যাপে দেখে চমকে উঠল দুই কিশোর।একটু এগোলেই সাদা কাপড়ে ঢাকা একটি শিশু। তার পাশে নিথর হয়ে বসে তার বাবা। চোখ বেয়ে জল পড়ছে তাঁর। উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের দুর্ঘটনার পর এমন নানান হৃদয়বিদারক ছবি উঠে আসছে।হাসপাতালগুলির বাইরে শুধুই কান্নার রোল। কেউ কেউ আবার হাসপাতালের চারপাশ ছুটে বেড়াচ্ছেন পরিজনের খোঁজে। মঙ্গলবার হাথরসের ঘটনা আবারও এক বার নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ট্রাক বা ম্যাটাডর করে হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানেই ঠাঁই হচ্ছে আহতদেরও। চারপাশে শুধু রক্ত-কান্না-চিৎকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ক্ষতিপুরণও ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তদন্তের জন্য পুলিশের বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। বুধবার সকালেই সেই দল পৌঁছেছে ঘটনাস্থলে। সেখান থেকে সব মৃতদেহ এবং আহতকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে সৎসঙ্গের চারপাশ এখনও থমথমে।








