
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে ক্রিকেটে বজায় রেখেছে আমেরিকা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কাঁপিয়ে দিয়েও সূর্যকুমার যাদবের ব্যাটে হার মানতে হয়েছিল তাদের।
তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেল তারা। চলতি আসরে এটি যৌথভাবে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই আমেরিকার প্রথম জয়।১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মার্কিন বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন বাস ডি লিড এবং ২০ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। আমেরিকার পক্ষে বল হাতে জাদুকরী পারফরম্যান্স দেখান হারমিত সিং। চার ওভারে মাত্র ২১ রান খরচায় তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া শ্যাডলি ফন শ্যালকভিক ৩টি এবং মোহাম্মদ মহসিন ২ উইকেট নেন।এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সাইতেজা মুক্কামাল্লার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় আমেরিকা। ৫১ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি।
ইনিংসের শেষ দিকে শুভাম রঞ্জনের ২৪ বলে অপরাজিত ৪৮ এবং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ২২ বলে ৩৬ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের পাহাড় গড়ে আমেরিকা। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিড তিনটি উইকেট শিকার করেন। এই দাপুটে জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এ’ গ্রুপের তৃতীয় স্থানে উঠে এলো আমেরিকা।







