
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বানিজ্যনগরী মুম্বই। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে মুম্বইয়ে নিচু জায়গাগুলি নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শুরু হয়েছে যানজট। মুম্বইয়ে এপিএমসি মার্কেট, কিংস সার্কল, চেম্বুরের মতো এলাকাগুলোয় জল দাঁড়িয়েছে। হাঁটুজল পেরিয়ে কর্মস্থলে যেতে দেখা গিয়েছে স্থানীয়দের। শনিবার পর্যন্ত মুম্বইতে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টির প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। শুক্রবার সাকলে থেকে বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিমান দেরিতে ছেড়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিগোর তরফে যাত্রীদের পরামর্শ দিয়ে বলা হয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে প্রত্যেকে যেন বিমান ওঠানামার সূচি খেয়াল করেন। যাত্রীদের অনাবশ্যক ভোগান্তির হাত থেকে রক্ষা করতেই এই পরামর্শ বলে উড়ান সংস্থাটির সূত্র মারফত জানা গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, শুধু মুম্বই নয়, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে গোয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। গুজরাটেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
