ভাসছে মুম্বই, ব্যাহত ট্রেন পরিষেবা, ভারী বৃষ্টিও 

0
20
ছবি সৌজন্যে : এক্স
বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই। বিপর্যস্ত মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও হাঁটুসমান, কোথাও গোড়ালিসমান জল। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর জুড়ে।
ফলে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় যানবাহন চলাচল করলেও গতি খুবই মন্থর। ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। বুধবার ভোরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে হারবার লাইনে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, পূর্ব শহরতলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানখুর্দে, বাইকুলা। অন্যদিকে, মুম্বই সেন্ট্রাল, ওয়াডলা। আবার পশ্চিম শহরতলির বান্দ্রা কুর্লায়, বোরিভালিতে।
মৌসম ভবন জানিয়েছে, আন্ধেরি, ঠাণে, পালঘর, রায়গড় এবং মুম্বইয়ের বেশির ভাগ অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।