
সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। সেই সঙ্গেই মঙ্গলবারও মহারাষ্ট্র-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই রাজ্যগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই পাশাপাশি, মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটক রাজ্যে বৃষ্টির কারণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভেঙে গিয়েছে গত ১০৭ বছরের রেকর্ড। মহারাষ্ট্রের পুলিশ এবং প্রশাসন জানিয়েছে, মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে মুম্বই-সহ মহারাষ্ট্র জুড়ে। এই কারণে আগের কমলা সতর্কতা বাদ দিয়ে সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মুম্বই ছাড়াও থানে, পালঘর এবং কোঙ্কন জেলাও বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে। জলমগ্ন হয়েছে রেললাইন এবং রাস্তাও। শতাধিক পরিবারকে উদ্ধার করে আনা হয়েছে নিরাপদ জায়গায়। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, কোঙ্কন ছাড়াও উপকূলবর্তী জেলায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের।
বেশ কিছু এলাকা নদীর জল বিপদসীমা উপর দিয়ে বইছে বলেও জানান আধিকারিকরা। এরই পাশাপাশি কেরল, তামিলনাড়ূ এবং কর্নাটক রাজ্যেও জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় ওই রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গোয়াতে অতিরিক্ত বিষ্টির জেরে বেশ কিছু এলাকায় ধস নেমেছে।







