
মুম্বইয়ের সমুদ্রসৈকতে ব্যক্তির ব্যাগবন্দি সাত টুকরো দেহাংশ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। মুম্বইয়ের গোরাই এলাকার শেফালি গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি নির্জন এলাকা থেকে ব্যক্তির দেহাংশ-সহ ওই ব্যাগটি উদ্ধার হয়েছে।মুম্বই পুলিশ জানিয়েছে, সমুদ্রসৈকতের কাছেই পড়ে ছিল একটি ব্যাগ। তা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল। সন্দেহ হতেই পুলিশে খবর দেন স্থানীয়েরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগে রাখা চারটি প্লাস্টিকের বাক্সে রয়েছে এক ব্যক্তির দেহাংশ। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তির দেহাংশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নামপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। মৃতদেহের ডান হাতে ইংরাজি হরফে আরএ লেখা একটি ট্যাটু রয়েছে।
আপাতত সেই ট্যাটুর সূত্র ধরেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার আনন্দ ভোইতে জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







