
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে কি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আছে?
আগে এক বার সেই দাবি করেছিলেন ধনকুবের ইলন মাস্ক। পরে সেই পোস্ট মুছে দিতে হয়েছিল তাঁকে। এ বার আবার পুরনো দাবিই জোরালো হয়েছে মাস্কের ইঙ্গিতপূর্ণ পোস্টে। তিনি জানিয়েছেন, আমেরিকায় তাঁর নতুন রাজনৈতিক দলের অন্যতম প্রধান অগ্রাধিকারই হল ওই ফাইল ফাঁস করা। ফাইলে বন্দি নামগুলি প্রকাশ্যে আনা। ইলন মাস্ক নিজের দলের নাম রেখেছেন আমেরিকা পার্টি। ৫ জুলাই সেই দল আত্মপ্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় দলের নাম ঘোষণা করে তিনি আমেরিকার দ্বিদলীয় শাসনব্যবস্থাকেই চ্যালেঞ্জ করে বসেন। আমেরিকার ইতিহাসে তৃতীয় দলের সাফল্যের নজির নেই বললেই চলে। তা মনে করিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই দলকে কটাক্ষও করেছেন। এর মাঝেই একটি পোস্টে মাস্ক লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এপস্টিন ফাইল প্রকাশ না করেন, তা হলে মানুষ কী ভাবে ওঁর উপর ভরসা রাখবেন? এটা কী ভাবে উনি আশা করেন?
এই পোস্টের নীচে এক জন জিজ্ঞাসা করেছেন, এপস্টিন ফাইল ফাঁস করা কি আমেরিকা পার্টির প্রাধান্যের তালিকায় শীর্ষে থাকছে? মাস্ক এই প্রশ্নের উত্তরে ১০০ শতাংশ-এর ইমোজি দিয়েছেন।









