মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’

0
169
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আমেরিকার শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আমেরিকা পার্টি নামের নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে এ ঘোষণা করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান।পোস্টে ইলন মাস্ক লিখেছেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো তার এই ঘোষণার পর মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।দল গঠনের আগেই সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি জরিপ চালান ইলন মাস্ক। সেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশ নেন। ইলন মাস্কের দাবি, অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশই আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল চান।উল্লেখ্য,সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিল সই করে তা আইনে পরিণত করেন। বিলটি নিয়ে তীব্র সমালোচনা করেন ইলন মাস্ক। তিনি বলেন, এই বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রচারে আর্থিক সহায়তাও দিয়েছিলেন এই ধনকুবের। তবে সাম্প্রতিক বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে টানাপড়েন শুরু হয়। ইলন মাস্কের নতুন দল গঠনের মধ্য দিয়ে সেই দ্বন্দ্ব আরো স্পষ্ট হলো।